সারাদেশ

​কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ৬

প্রিন্ট
​কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ৬

প্রকাশিত : ৪ মে ২০২৬, সন্ধ্যা ৮:৩০

​কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ৬ ​নিজস্ব প্রতিবেদক, আবদুল আউয়াল কোম্পানীগঞ্জ নোয়াখালী। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়েছে। সোমবার (৪ মে) দিবাগত রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। ​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার একটি চৌকস দল চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদামতলী বাজার সংলগ্ন মাদক ব্যবসায়ী আলমগীরের বসতঘরে অভিযান চালায়। ​অভিযানের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল হাকিম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— আব্দুস শহীদ স্বপন (৫০), ওসমান গনি ওরফে সেলিম (৪৫), আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) এবং মো. আজাদ হোসেন স্বপন (৪০)। ​আটককৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজি (অস্ত্র), ১৬৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ​এদিকে, একই রাতে পৃথক আরেকটি অভিযানে আরও দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই দুইজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ​কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল হাকিম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।