কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ৬
নিজস্ব প্রতিবেদক, আবদুল আউয়াল কোম্পানীগঞ্জ নোয়াখালী।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়েছে। সোমবার (৪ মে) দিবাগত রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার একটি চৌকস দল চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদামতলী বাজার সংলগ্ন মাদক ব্যবসায়ী আলমগীরের বসতঘরে অভিযান চালায়।
অভিযানের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল হাকিম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— আব্দুস শহীদ স্বপন (৫০), ওসমান গনি ওরফে সেলিম (৪৫), আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) এবং মো. আজাদ হোসেন স্বপন (৪০)।
আটককৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজি (অস্ত্র), ১৬৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এদিকে, একই রাতে পৃথক আরেকটি অভিযানে আরও দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই দুইজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল হাকিম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মতামত