পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন
মোঃ সাব্বির হোসেন,
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারভুক্ত প্রকল্প ও ইজিপিপি কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এ কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, হাজীপুর ইউনিয়নের অন্তরার ব্রিজ থেকে হাতিডোবা ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে ১০ কিলোমিটার খাল পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় পৌনে ৩ কোটি টাকা।
এছাড়া চাপোড়-মছলন্দপুর খালের প্রায় আড়াই কিলোমিটার অংশ পুনঃখননে ব্যয় হবে প্রায় পৌনে ১ কোটি টাকা।
তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় প্রায় ১ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। খনন কাজ সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে। পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা সেচ সুবিধা পেয়ে কৃষিকাজে ব্যাপক উপকার ভোগ করবেন।
স্থানীয়দের আশা, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পরিবেশ ও কৃষি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
মতামত