চট্টগ্রাম

বৃষ্টিতে মরণফাঁদ সেনবাগের ছাতারপাইয়া-তেমুহনী সড়ক: জনদুর্ভোগ চরমে

প্রিন্ট
বৃষ্টিতে মরণফাঁদ সেনবাগের ছাতারপাইয়া-তেমুহনী সড়ক: জনদুর্ভোগ চরমে

প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬:৫৩

বৃষ্টিতে মরণফাঁদ সেনবাগের ছাতারপাইয়া-তেমুহনী সড়ক: জনদুর্ভোগ চরমে ​নিজস্ব প্রতিবেদক, মোঃ লিটন সেনবাগ: নোয়াখালী। ২৯-০৪-২০২৬ইং নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজার থেকে তেমুহনী বাজার হয়ে মাহাতাপুর গ্রাম ও আমর আলী মুন্সি বাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি এখন সাধারণ মানুষের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। গত কয়েকদিনের সামান্য বৃষ্টিতে সড়কের ওপর জমে থাকা মাটির আস্তরণ পিচ্ছিল হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা। ​সরেজমিনে দেখা যায়, স্থানীয় ইটভাটাগুলোর মাটি পরিবহনের সময় ট্রাক ও ট্রাক্টর থেকে পড়ে যাওয়া মাটি দীর্ঘ সময় ধরে সড়কের ওপর স্তূপ হয়ে আছে। রোদ থাকলে এই মাটি ধুলোবালিতে পরিণত হয়ে পরিবেশ দূষণ করে, আর বৃষ্টি হলে তা কর্দমাক্ত হয়ে পিচ্ছিল প্রলেপ তৈরি করে। ফলে সড়কটি দিয়ে চলাচল করা সাধারণ পথচারী ও ছোট-বড় যানবাহনের জন্য এটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ​স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আইন-কানুনের তোয়াক্কা না করে দিন-রাত সড়কের ওপর দিয়ে মাটি পরিবহন করছে। এই জনদুর্ভোগ সৃষ্টির পেছনে দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রশ্ন—কাদের ইন্ধনে জনস্বার্থ বিসর্জন দিয়ে এই মাটির ব্যবসা চলছে? ​ভোগান্তির শিকার এক পথচারী জানান, মোঃহানিফ, ও অত্র এলাকার কন্টেকদার মোঃ লিটন "রাস্তায় যে পরিমাণ কাদা জমেছে, তাতে হেঁটে চলাও অসম্ভব হয়ে পড়েছে। মোটরসাইকেল বা রিকশা নিয়ে চলাচল করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। আমরা এর স্থায়ী সমাধান চাই।" ​এই অরাজকতা ও জনদুর্ভোগ নিরসনে সেনবাগ উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করছে সচেতন মহল। যথাযথ তদারকি ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।