নলছিটিতে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ড্রেন-ফুটপাত দখল করে অবৈধভাবে টিনের দোচালা ঘর নির্মাণ
নলছিটি ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একেবারে সামনেই ড্রেন ও ফুটপাত দখল করে অবৈধভাবে টিনের দোচালা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে রোগী ও তাদের স্বজনদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশ সড়কের পাশেই ডাক্তারদের কোয়ার্টারের ঠিক সামনে এই অবৈধ স্থাপনাটি গড়ে তোলা হয়েছে। ঘরটি ব্যক্তিগত ব্যবহারেই নির্মিত বলে ধারণা করা হচ্ছে। তবে কারা বা কোন প্রভাবশালী মহল এই দখলের সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এই স্থাপনার কারণে শুধু চলাচলই ব্যাহত হচ্ছে না, বরং এলাকার গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশনের ড্রেনও বন্ধ হয়ে যাচ্ছে। এতে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সামনে এমন দখলদারিত্ব কীভাবে দিনের পর দিন চলতে পারে, তা নিয়েই প্রশ্ন উঠেছে। তাদের মতে, “ডাক্তারদের কোয়ার্টারের সামনে এ ধরনের স্থাপনা থাকলে রোগীরা যেমন অসুবিধায় পড়বেন, তেমনি জরুরি চিকিৎসা সেবা গ্রহণেও বিলম্ব ঘটবে।”
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রায় তিন লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল হিসেবে বিবেচিত। দীর্ঘদিন ধরেই এখানে চিকিৎসক সংকটসহ নানা সমস্যা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এর মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথ দখল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
স্থানীয়রা দাবি জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে সরকারি জায়গা পুনরুদ্ধার করতে হবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা সচল করে জলাবদ্ধতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। তারা বলছেন, বিষয়টি দ্রুত ব্যবস্থা না নিলে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
মতামত