সারাদেশ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কায় সতর্কবার্তা পুলিশ সদর দপ্তরের

প্রিন্ট
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কায় সতর্কবার্তা পুলিশ সদর দপ্তরের

ছবি : গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কায় সতর্কবার্তা পুলিশ সদর দপ্তরের


প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫১

দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার পরিকল্পনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ এপ্রিল পাঠানো একটি বার্তায় বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রপন্থী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে। পুলিশ সদর দপ্তরের একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মাদ এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এমন দুই সেনাসদস্যের বিষয়ে তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে নাশকতামূলক হামলার পরিকল্পনা করতে পারে বলে গোয়েন্দা প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। চিঠিতে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর স্থাপনা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলের কথা উল্লেখ করা হয়েছে। এসব স্থানে বোমা বিস্ফোরণ কিংবা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার সম্ভাবনার কথাও বলা হয়েছে। এতে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষাপটে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর কঠোর নজরদারি চালানোর কথাও বলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের ওই চিঠি দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, উগ্রপন্থী তৎপরতার সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠনগুলোর তৎপরতা রোধে সমন্বিত নজরদারি ও আইনগত ব্যবস্থা জোরদার করা হলে সম্ভাব্য নাশকতার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।