ময়মনসিংহ নগরীর ৩ নং ওয়ার্ডের কাঁচিঝুলি এলাকার মেহগনি রোডে অসহায় ও স্বামীহারা বিধবা বেদেনা বেগমের ঝুপড়ি ঘরটি সম্প্রতি কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। চার সন্তান নিয়ে চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। সংবাদ পেয়ে সেই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রদল নেতা আসাদুজ্জামান আরমান।
গত রবিবার (১৯ এপ্রিল) দুপুরে আরমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী পরিবারটির খোঁজখবর নেন। এ সময় তিনি বিধবা বেদেনা বেগমের জরাজীর্ণ ঘরটি নিজে পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে ঘরটি নতুন করে নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। তারেক রহমানের পক্ষ থেকে এই অসহায় পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা ও ঘর নির্মাণের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়।
মানবিক এই সহায়তার বিষয়ে আসাদুজ্জামান আরমান বলেন, “সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ঘরটি বিধ্বস্ত হওয়ায় বেদেনা বেগম তার চার সন্তান নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসি। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় ও তার পক্ষ থেকে আমি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছি। তারেক রহমান সব সময় দেশের মানুষের দুঃখ-কষ্ট লাঘবে আন্তরিকভাবে কাজ করছেন এবং অসহায় অনেক পরিবারের দায়িত্ব তিনি পালন করছেন। তারই তত্ত্বাবধানে আজ এই বিধবা মায়ের ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকব। ইনশাআল্লাহ।”
নতুন ঘর নির্মাণের আশ্বাস পেয়ে আবেগে আপ্লুত বিধবা বেদেনা বেগম বলেন, “পুরানো ঘরটিতে একটু বৃষ্টি হলেই পানি পড়ত। ঝড়-তুফানের সময় ভয়ে ভয়ে দিন কাটাতাম। নতুন ঘর আমার কাছে স্বপ্নের মতো ছিল, আর সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন আরমান ভাই। আমরা সব সময় তার জন্য দোয়া করব।”
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মহানগর যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসাদুজ্জামান আরমানের এই মানবিক উদ্যোগকে স্থানীয় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
মতামত