চট্টগ্রাম

কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ

প্রিন্ট
কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ

প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬:৪২

কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ ​কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি আবদুল আউয়াল ১৬ এপ্রিল, ২০২৬ ​নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ভাগ্যোন্নয়নে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। ​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার মোট ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি উচ্চফলনশীল আউশ বীজ, ১০ কেজি ডিএপি (DAP) এবং ১০ কেজি এমওপি (MOP) সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। ​উপজেলা কৃষি অফিসার মুহা. বেলাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জন রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু ও যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম স্বপন ও সদস্য সচিব মো. আবুল বাসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, উপজেলা চত্বরে বিতরণের পাশাপাশি দূরবর্তী ইউনিয়নগুলোর কৃষকদের সুবিধার্থে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে পর্যায়ক্রমে এই সার ও বীজ সরবরাহ করা হবে। বিতরণকৃত কৃষি উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বক্ষণিক প্রযুক্তিগত পরামর্শ ও তদারকি করবেন। ​সময়মতো উন্নত মানের বীজ ও সার হাতে পাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কৃষি বিভাগ আশা করছে, এই উদ্যোগের ফলে উপজেলায় আউশ ধানের আবাদ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।