মিজানুর রহমানঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘ বিরতির পর আবারও প্রাণ ফিরে পেল পরিচ্ছন্নতা অভিযান। তিন মাসব্যাপী ড্রেনের ময়লা-আবর্জনা অপসারণ ও মশা নিধন কার্যক্রম ঈদুল ফিতরের বিরতি শেষে নবউদ্যমে পুনরায় শুরু হয়েছে।
গতকাল ৮ এপ্রিল, বুধবার সকালে ওয়ার্ডের বড় দেওড়া মিত্তি বাড়ি বটতলা এলাকার শাহজালাল রোড সংলগ্ন ড্রেনে পরিচালিত হয় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। স্থানীয় পরিবেশকে বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত করে তুলতে এ উদ্যোগ যেন এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী। জানা যায়, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ ও নিজ অর্থায়নে তিনি এ কর্মসূচি বাস্তবায়ন করছেন, যা স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া জাগিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির ৫৩ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মোঃ নেছার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান, এবং যুবদল নেতা মোঃ রিয়াদ, মোঃ মুন্না, মোঃ রাকিব, মোঃ আব্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত ড্রেন পরিষ্কার ও মশা নিধন কার্যক্রম পরিচালিত হলে এলাকার পরিবেশ হবে আরও স্বাস্থ্যকর ও নিরাপদ। এতে করে মশাবাহিত নানা রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তারা এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি কাজ নয়, এটি একটি দায়িত্ব আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে হলে নিয়মিত ড্রেন পরিষ্কার ও মশা নিধন কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি, যেন আমাদের এই ওয়ার্ডটি একটি পরিচ্ছন্ন ও সুন্দর আবাসস্থলে পরিণত হয়। ইনশাআল্লাহ, এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত