নীলা ইস্রাফিল নামক একজন নারী ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই নীলা ইস্রাফিল একজন বিতর্কিত ব্যক্তি যিনি দীর্ঘ দিন যাবৎ জুলাই বিপ্লবী এবং দেশের আলেম সমাজের বিরুদ্ধে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে আসছেন। অতীতে তার বিতর্কিত কর্মকান্ডের জেরে তিনি জাতীয় নাগরিক পার্টি থেকে বহিষ্কৃত হন এবং রাজনৈতিক মহলে ব্যপক সমালোচিত হন। তার বিতর্কিত পোস্টের জেরে গত ৪ এপ্রিল শনিবার সকালে রাষ্ট্র সংলাপ ফোরাম (SDF)-এর মুখপাত্র তাহরিমা জান্নাত সুরভী এই অভিযোগটি সাহবাগ থানায় দায়ের করেন। অভিযোগপত্রে বলা হয়, গত ৩ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থানকালে বাদীর নজরে আসে যে ‘Neela Israfil’ তার নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি বিতর্কিত পোস্ট করেছেন। ওই পোস্টে ‘শহীদ’ ওসমান হাদি-কে ‘জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, একজন মৃত ব্যক্তিকে নিয়ে এ ধরনের অবমাননাকর মন্তব্য তার পরিবার ও অনুসারীদের জন্য চরম অপমানজনক এবং এতে সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি আলেম সমাজ ও বিপ্লবীদের বিরুদ্ধেও বিদ্রুপাত্মক বক্তব্য পোস্ট করেছেন বলে দাবি করা হয়েছে। অভিযোগকারীর মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বক্তব্য তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করবে এবং সমাজে বিভাজন তৈরি করবে। এছাড়া উক্ত আইডি থেকে বিভিন্ন সময় হুমকি ধামকি মূলক পোস্ট প্রদান করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এই অভিযোগে সাক্ষী হিসেবে সদস্য সচিব আনম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং মো. আব্দুর রহমান মেহেদী-র নাম উল্লেখ করা হয়েছে, যারা রাষ্ট্র সংলাপ ফোরাম-এর সঙ্গে সম্পৃক্ত। অভিযোগকারী দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত বা উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে বাংলাদেশের বিদ্যমান সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।
মতামত