মিজানুর রহমানঃ
কক্সবাজারের উখিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, মারধর, শ্লীলতাহানি ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা জমির উদ্দিনের সঙ্গে একই এলাকার শাহ আলম ওরফে কালু সওদাগর এবং বার্মাইয়া তোফাইল গংয়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৫ মার্চ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে জমির উদ্দিনের বাড়িতে প্রবেশ করে।
অভিযোগে বলা হয়, এসময় তারা জমির উদ্দিনের মেয়েকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বাধা দিতে গেলে পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করা হয়।
একপর্যায়ে জমির উদ্দিনকে হত্যার হুমকি দেওয়া হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগী জমির উদ্দিন জানান, মেয়েকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষের হামলায় তিনি ও পরিবারের সদস্যরা আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মুজিবুর রহমান জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত