নীলফামারী জেলার ডোমার উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ জোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বেঞ্চ ফুটপাতের দোকানে ব্যবহারের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বেঞ্চগুলো বিভিন্ন দোকানে ব্যবহার করা হচ্ছে, যা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, স্কুলের সামনে অবস্থিত “ওবেয়া স্টোর” নামের একটি দোকানে প্রোপাইটার মোছাঃ ফিরোজা বেগম (৫৬) দুটি সরকারি বেঞ্চ ব্যবহার করছেন। এলাকাবাসীর দাবি, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবগত থাকা সত্ত্বেও নিয়মিত ওই দোকানে চা পানসহ বিভিন্ন সেবা গ্রহণ করেন।
এছাড়াও স্কুলের ডান পাশে অবস্থিত আরেকটি দোকানে মাশিদুল ইসলাম ছোটন (প্রধান শিক্ষকের মেজো ভাই) জোরপূর্বক চারটি সরকারি বেঞ্চ ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে এভাবে সরকারি সম্পদের অপব্যবহার চললেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।
সচেতন মহল মনে করছেন, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মতামত