ছবি : ঝালকাঠি হবে বাংলাদেশের প্রথম জেলা শহর: ড. জিয়াউদ্দিন হায়দার
প্রকাশিত : ২৪ মার্চ ২০২৬, রাত ১০:০৭
অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি: আমরা একটি পরিচ্ছন্ন শহর গড়তে চাই যেখানে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে, শ্বাসের মধ্যে কোন গন্ধ পাবে না। ঝালকাঠি হবে বাংলাদেশের প্রথম জেলা শহর।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ৪ টায় ঝালকাঠি শহরের বড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন উপলক্ষে পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিএনপি গ্রাসরুট নেটওয়ার্কের প্রধান ড. জিয়াউদ্দিন হায়দার এসব কথা বলেন।
পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে। খাদ্যবর্জ্য, প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা থেকে তৈরি জীবাণু ও বিষাক্ত উপাদান মাটি, পানি ও বায়ুর মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে। এসব বর্জ্য ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে মাছের শরীরে জমা হচ্ছে এবং শেষ পর্যন্ত মানুষের খাদ্যচক্রে ঢুকে স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
তিনি আরও বলেন, বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনা দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অপরিশোধিত বর্জ্য থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগসহ নানা রোগের ঝুঁকি বাড়াচ্ছে। প্লাস্টিক ও পলিথিন মাটির উর্বরতা নষ্ট করছে, পানি নিষ্কাশন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে এবং জলাবদ্ধতা সৃষ্টি করছে।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, এই সমস্যা সমাধানে ব্যাপক গণসচেতনতা তৈরি করা জরুরি। প্রতিটি ঘরে ঘরে মানুষকে সচেতন করতে হবে, যাতে সবাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে। স্থানীয় সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বর্জ্য আলাদা করা (জৈব ও অজৈব), পুনর্ব্যবহার এবং আধুনিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণ চালু করতে পারলে এই সংকট অনেকাংশে কমানো সম্ভব। সবার সম্মিলিত উদ্যোগেই একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিকল্পনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা জামায়াত ইসলামির আমির অ্যাভোকেট হাফিজুর রহমান,
অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন, ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিলসহ স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ, বিএনপির নেতাকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মতামত