গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জ্বালানী তেলের মজুদ, বিতরণ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন ফিলিং স্টেশনে মনিটরিং ও পরিদর্শন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৮ মার্চ ২০২৬) কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনিম উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এ সময় জ্বালানী তেলের মজুদ, বিক্রয় ব্যবস্থাপনা ও সরকারি নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন মালিক ও কর্মচারীদের মজুদের হিসাব সঠিকভাবে সংরক্ষণ, প্রতিটি গ্রাহককে বিক্রির রশিদ প্রদান, অতিরিক্ত মূল্যে জ্বালানী বিক্রি থেকে বিরত থাকা এবং সরকার নির্ধারিত মূল্য ও বিক্রির সীমা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জ্বালানী তেল বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, জনস্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মতামত