গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ নির্মাণ ও দখলদারিত্বের প্রতিবাদে এলাকাবাসী বিশাল মানববন্ধন ও বিক্ষোভ র্যালি কর্মসূচি পালন করেছেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নদী দখল ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঘোরস্বাব নদী এলাকায় অবৈধভাবে বাঁধ নির্মাণ ও নদীর অংশ দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং আশপাশের কৃষিজমি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এসব অনিয়মের প্রতিবাদে শনিবার এলাকাবাসী একত্রিত হয়ে মানববন্ধন ও র্যালি কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি প্রভাবশালী মহল অবৈধভাবে নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং স্থানীয় কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন। তারা দ্রুত অবৈধ বাঁধ অপসারণ এবং নদী দখলমুক্ত করার দাবি জানান।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে ঘোরস্বাব নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা যায়।
মতামত