ছবি : সালথায় শামা ওবায়েদের নির্বাচনী জনসভায় জনসমুদ্র
প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:১৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২(সালথা-নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলামের নির্বাচনী জনসভায় মানুষের ঢল নেমেছে। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জনসভাস্থল পরিণত হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত ধানের শীষের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ‘১৭ বছর পরে আমাদের ভোট দেয়ার সুযোগ এসেছে। সুষ্ঠু-নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।’
শামা ওবায়েদ আরো বলেন ‘বিএনপি সরকারে গেলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। মানুষ নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারবে। দেশের সব খাতে ব্যাপক উন্নয়ন হবে। বিএনপি এদেশের কৃষক-শ্রমিক ও দিনমুজুর সহ সকল মানুষের দল। বিএনপি ছাড়া এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব নয়। আপনারা বিএনপির সাথে থাকলে, দেশের ব্যাপক উন্নয়ন হবে। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড করা হবে। এই অঞ্চলে হাসপাতাল হবে, বিশ্ববিদ্যালয় করা হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা সালথা-নগরকান্দাকে দূর্নীতিমুক্ত, চাঁদাবাজীমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত করতে চাই। এলাকার মারামারি-কাইজ্জ্যা নিরসন করতে চাই। আপনারা ধানের শীষে ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ করে দিবেন। আমি আমৃত্যু আপনাদের সেবা করতে চাই।’
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতত্বে নির্বাচনি জনসভায় উপস্থিত ছিলেন, বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ শাহজাদা মিয়া, স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহীন মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মতামত