রিকশাচালকের সততায় ফিরে পেলেন ৬ ভরি স্বর্ণালঙ্কার উপহার পেলেন নতুন অটোরিকশা
নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ এলাকার রিকশাচালক মো. ইব্রাহিম রায়হানের সততায় ফিরে পেলেন বসুরহাট আপন জুয়েলার্সের স্বত্বাধিকারীর পরিবারের সদস্যরা হারিয়ে যাওয়া প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার।
জানা যায়, বসুরহাট আপন জুয়েলার্সের স্বত্বাধিকারীর পরিবারের কয়েকজন সদস্য ইব্রাহিম রায়হানের রিকশায় যাতায়াত করেন। রিকশা থেকে নামার সময় অসাবধানতাবশত তারা একটি কাপড়ের ব্যাগ রিকশায় রেখে চলে যান।
পরবর্তীতে রিকশাচালক ইব্রাহিম রায়হান তার রিকশায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সেটি খুলে ভেতরে স্বর্ণালঙ্কার দেখতে পান। ব্যাগে থাকা যাত্রীদের তিনি চিনতে না পারায় বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েন।
অবশেষে সততার পরিচয় দিয়ে তিনি কোম্পানীগঞ্জ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার উদ্দেশ্যে বিষয়টি পুলিশকে জানান। থানা কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করেন এবং মালিক খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যেতে বলেন।
পরবর্তীতে অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত মালিকদের সন্ধান পাওয়া যায়। আজ ইব্রাহিম রায়হান স্বর্ণালঙ্কারসহ ব্যাগটি সঠিক মালিকের হাতে তুলে দেন।
তার এই অনন্য সততায় মুগ্ধ হয়ে যাত্রী পক্ষ ইব্রাহিম রায়হানকে একটি নতুন অটোরিকশা উপহার দেন।
স্থানীয়দের মতে, ইব্রাহিম রায়হানের এই ঘটনা সমাজে সততা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
মতামত