ছবি : সালথা-নগরকান্দার মাটিতে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ আমরা হতে দিবো না : শামা ওবায়েদ
প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬, রাত ১১:১৯
ফরিদপুর-২(সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, সালথার মাটিতে, নগরকান্দার মাটিতে ইসলামের বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে, শরিয়ার বিরুদ্ধে যে কোনো কাজ আমরা হতে দিবো না, সহ্য করা হবে না। এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। একই সাথে সকল ধর্মের এবং সকল মতের নিরাপত্তার দেওয়ার দায়িত্ব আমি মনে করি আমার বাবার সন্তান হিসাবে আমার। সেটাও আমি দিবো। সুতরাং সকল দল, সকল মত, সকল ধর্ম আমাদের কাছে, আমার কাছে, ধানের শীষের কাছে নিরাপদ।
সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় সালথা সরকারি কলেজের পাশে মাঠে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি'র আয়োজিত নির্বাচনি প্রচারণা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বরের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট চান, ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। সবাইকে সাথে নিয়ে উন্নয়ন করতে চায়। তাই ১২ তারিখ সারাদিন ধানের শীষে আপনারা ভোট দিবেন।
সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, সালথা উপজেলা বিএপির সাবেক দপ্তর সম্পাদক আবুল বাসার, বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ, আব্দুর রব, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, মোঃ এনায়েত হোসেন, মিরান হুসাইন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সাইফুল ইসলাম, সালথা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সামচুল আলম সবুজ সহ বিএনপি নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মতামত