উৎসবমুখর পরিবেশে বসুরহাটে ফখরুল ইসলামের নির্বাচনী মিছিল
নোয়াখালী-৫ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। এর অংশ হিসেবে বসুরহাটে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলামের পক্ষে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সারাদেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে বসুরহাট জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বসুরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ ও শ্লোগানের মাধ্যমে শেষ হয়।
মিছিলে ধানের শীষের সমর্থনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পাড়া,মহল্লা, গ্রাম ও হাটবাজারে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নমূলক বিভিন্ন শ্লোগান দেন। বক্তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব।
আজ থেকেই আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হওয়ায় নোয়াখালী-৫ আসনে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ ও উত্তাপ বাড়ছে।
মতামত