ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই দিনে তারা ফুলের তোড়া দিয়ে বিএনপির নেতাদের বরণ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। সংবাদটি অনুষ্ঠিত হয় উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী কলেজ মাঠে।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন—সালথা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন, যদুনন্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হান্নান মৃধা, যদুনন্দী ইউনিয়নের ৭ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি রত্তন মাতুব্বর ও সাধারণ সম্পাদক টুকু শেখ, এবং ৮ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক লিবু মাতুব্বর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা সৈয়দ মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মোল্যা, সাংগঠনিক সম্পাদক হিরু শেখসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পাঁচ নেতার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আলিমুজ্জামান নয়ন। তিনি বলেন, কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই স্বপ্রণোদিতভাবে তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট সংগঠনের কাছে লিখিত পদত্যাগপত্র পাঠানো হয়েছে।
নয়ন আরও উল্লেখ করেন, শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে তারা বিএনপিতে যোগদান করেছেন।
বক্তারা জানান, আগামী দিনে তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সক্রিয়ভাবে কাজ করবেন এবং দলের মূল নীতি ও আদর্শ অনুসরণে ভূমিকা রাখবেন।
মতামত