সারাদেশ

সালথায় ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তারের সময় কৃষকলীগ নেতার হামলার শিকার পুলিশ

প্রিন্ট
সালথায় ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তারের সময় কৃষকলীগ নেতার হামলার শিকার পুলিশ

ছবি : সালথায় ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তারের সময় কৃষকলীগ নেতার হামলার শিকার পুলিশ


প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৫, রাত ১০:২৪

ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরার সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে খোরশেদ খান (৪৫) নামে এক কৃষকলীগ নেতা ও তার সহযোগিরা। হামলায় সালথা থানা পুলিশের সহকারি উপপরিদর্শক মুকুল মোল্যার মাথা ফেটে গিয়ে আহত হয়েছেন। হামলার ঘটনায় কৃষকলীগ খোরশেদ খানসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার(১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক খোরশেদ খান গট্টি ইউনিয়নের কৃষকলীগের সহ-সভাপতি। তিনি আগুলদিয়া গ্রামের সাবেক আওয়ামী লীগ নেতা ওসমান খানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এক ওয়ারেন্টভুক্ত আসামী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. দেলোয়ার খানকে গ্রেপ্তার করতে আগুলদিয়া নতুন বাজারে যান সালথা থানা এএসআই মুকুল মোল্যা ও এএসআই আক্তার হোসেনের নেতৃত্বে একদল। এ সময় ওই আসামীকে ধরতে বাধা দেন কৃষকলীগ নেতা খোরশেদ খান। একপর্যায়ে তিনি পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার এএসআই মুকুলের মাথা ফেটে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলু রহমান খান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গেলে কৃষকলীগ নেতা খোরশেদ খান ও তার সহযোগিরা বাধা প্রদান করেন এবং পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার এএসআই মুকুল মোল্যাআহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় কৃষললীগ নেতা খোরশেদ খানসহ তিন জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।