সারাদেশ

সালথায় ২৪ ঘন্টার মধ্যে মাছ ব্যবসায়ী উৎপল হত্যা মামলার আসামী রাজন মোল্যা গ্রেফতার

প্রিন্ট
সালথায় ২৪ ঘন্টার মধ্যে মাছ ব্যবসায়ী উৎপল হত্যা মামলার আসামী রাজন মোল্যা গ্রেফতার

ছবি : সালথায় ২৪ ঘন্টার মধ্যে মাছ ব্যবসায়ী উৎপল হত্যা মামলার আসামী রাজন মোল্যা গ্রেফতার


প্রকাশিত : ৬ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৪৩

ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যা মামলায় মো. রাজন মোল্লা (২৯) নামে এক আসামীকে ২৪ ঘন্টারমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রাজন মোল্লা তেতুলিয়া গ্রামের মো. আলাউদ্দিন মোল্লার ছেলে।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, “মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যার ঘটনায় শুক্রবার থানায় একটি মামলা দায়ের করে তার পরিবার। মামলা রুজু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার দিন রাতেই সদর উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে মামলার আসামী রাজন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় হত্যার কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটো উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনার সাথে তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, প্রতিদিনের মতো শুক্রবারও ভোর সাড়ে চারটার দিকে রনকাইলের বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যানে গোপালগঞ্জের মকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিল মাছ ব্যবসায়ী উৎপল সরকার। আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ৩-৪ জন দূর্বৃত্ত অটোগাড়ি যোগে এসে মাছ ব্যবসায়ী উৎপলের ভ্যান গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভ্যান চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে রাখে। পরে মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের বাবা অজয় কুমার সরকার বাদি হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন।