ছবি : মো: সিরাজুল ইসলাম
গাজীপুরের কাপাসিয়ায় গাছপালা কেটে অবৈধভাবে কয়লা উৎপাদন ও পরিবেশ দূষণের অভিযোগে অভিযান।
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: মোঃ সিরাজুল ইসলাম
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গাছপালা কেটে অবৈধভাবে কাঠ পোড়িয়ে কয়লা উৎপাদন, পরিবেশ দূষণ এবং আশপাশের মানুষের মাঝে ব্যাপক জনভোগান্তি সৃষ্টির অভিযোগে মঙ্গলবার দিনব্যাপী বড় ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রাম ও রায়েদ ইউনিয়নের আমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দীর্ঘদিন ধরে এসব এলাকায় গোপনে স্থাপন করা কয়লা চুল্লিগুলোতে কাঁচা গাছ কেটে পোড়ানো হচ্ছিল। এতে শুধু বনজ সম্পদের ক্ষতি হচ্ছিল না, বরং বিষাক্ত ধোঁয়া ও কালো কণার কারণে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে আজকের অভিযানে এসব অবৈধ চুল্লি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
এএসসি নাহিদুল হক জানান, “পরিবেশ ধ্বংসকারী কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না। যারাই অবৈধভাবে বনভূমি নষ্ট করে কয়লা উৎপাদন করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বহুদিন ধরেই এই কয়লা চুল্লির ধোঁয়ায় শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছিলেন। আজকের অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন।
পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এমন অবৈধ কার্যক্রম দমন করতে নিয়মিত নজরদারি আরও জোরদার করা হবে।
মতামত