ছবি : মো: সিরাজুল ইসলাম
মিথ্যা সংবাদের প্রতিবাদে কাপাসিয়ায়, বারিষাব, কৃষক দলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: মোঃ সিরাজুল ইসলাম
গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুর বিরুদ্ধে প্রকাশিত "মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর" সংবাদকে কেন্দ্র করে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় কৃষক দলের স্থানীয় নেতাকর্মীরা তীব্র ক্ষোভ ও গভীর নিন্দা প্রকাশ করেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে বারিষাব ইউনিয়নের গিয়াসপুর বাজারস্থ কৃষক দলের কার্যালয়ে আয়োজিত এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক কৃষক দলের নেতাকর্মী অংশ নেন। সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং নেতাকর্মীদের মাঝে ঐক্যবদ্ধ অবস্থান স্পষ্ট হয়ে ওঠে।
সভায় সভাপতিত্ব করেন বারিষাব ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জনাব মোঃ হাছান আলী। এছাড়াও বক্তব্য রাখেন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির মুন্সি, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান,যুগ্ন আহবায়ক জাকির হোসেন প্রদান ও সম্মানিত সদস্য হিরন মাস্টারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে জনপ্রিয় কৃষক দল নেতা ফকির ইস্কান্দার আলম জানুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে।
নেতৃবৃন্দ আরও জানান, এই ষড়যন্ত্রের বিরুদ্ধেই আজকের এই প্রতিবাদ। কৃষক দল এসব অনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা গ্রহণসহ পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
সমাবেশ শেষে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে গিয়াসপুর বাজারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কৃষক দলের কার্যালয়ে এসে শেষ হয়।
মতামত