সারাদেশ

চরমোন্তাজে নেটওয়ার্ক বিপর্যয়: ৪৫ হাজার মানুষ ভোগান্তিতে

প্রিন্ট
চরমোন্তাজে নেটওয়ার্ক বিপর্যয়: ৪৫ হাজার মানুষ ভোগান্তিতে

ছবি : চরমোন্তাজে নেটওয়ার্ক বিপর্যয়: ৪৫ হাজার মানুষ ভোগান্তিতে


প্রকাশিত : ৭ নভেম্বর ২০২৫, সকাল ৮:৩৫

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নে ভয়াবহ নেটওয়ার্ক সংকটে ভুগছে প্রায় ৪৫ হাজার মানুষ। গত কয়েকদিন ধরে গ্রামীণফোনের দুর্বল নেটওয়ার্কের কারণে এলাকাজুড়ে ইন্টারনেট ব্যবহার কার্যত অচল হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরমোন্তাজ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গ্রামীণফোন সিমে কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। বিশেষ করে সন্ধ্যার পর ইন্টারনেটের গতি এতটাই কমে যায় যে, অনলাইন ক্লাস, খবর প্রেরণ, কিংবা অন্যান্য অনলাইন কাজ সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিক আইয়ুব খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন,

"চরমোন্তাজ ইউনিয়নের প্রায় ৪৫ হাজার মানুষ এখন গ্রামীণফোনের দুর্বল নেটওয়ার্কে ভুগছে। সন্ধ্যার পর ইন্টারনেট এত স্লো হয়ে যায় যে অনলাইন কাজ বা সংবাদ পাঠানো অসম্ভব হয়ে পড়ে।”

তিনি আরও জানান, এ সমস্যার বিষয়ে তিনি ইতোমধ্যে গ্রামীণফোন কর্তৃপক্ষের কাছে অভিযোেগ পাঠিয়েছেন এবং অন্যদেরও অভিযোগ জানানোর অনুরোধ করেছেন।

গ্রামীণফোনে অভিযোেগ পাঠানো যায় ই-মেইলে:

insta.service@grameenphone.com

অথবা কল সেন্টারে যোগাযোগ করা যেতে পারে ১২১ নম্বরে।

স্থানীয়রা দ্রুত এই নেটওয়ার্ক সমস্যার সমাধান দাবি করেছেন, যাতে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সংবাদকর্মীরা নির্বিঘ্নে অনলাইন কার্যক্রম চালাতে পারেন।