সারাদেশ

শ্রীপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ব্যবসায়ী গুরুতর আহত।

প্রিন্ট
শ্রীপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ব্যবসায়ী গুরুতর আহত।

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ৩ নভেম্বর ২০২৫, দুপুর ২:৩৩

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টার সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন জালাল উদ্দিন (৪০) নামের এক কাঁচামাল ব্যবসায়ী।

রোববার (২ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহত জালাল উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেপারীপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান—

স্টেশনে ট্রেন থামার পর ছাড়তে শুরু করলে দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন জালাল উদ্দিন। এ সময় হঠাৎ তাঁর পা পিছলে রেললাইনে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। এতে তার একটি পা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য দেখা দেয়।

স্থানীয়রা বলেন, “চলন্ত ট্রেনে ওঠা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিজের এবং পরিবারের কথা ভেবে এমন ঝুঁকি নেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।”

রেল সংশ্লিষ্টরা সচেতনতা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের নিয়ম মেনে উঠানামার আহ্বান জানিয়েছেন।