নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলায় এনসিপির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজুসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগে সাধারণ ছাত্রজনতা ও সচেতন নাগরিকদের ব্যানারে এক প্রতিবাদ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বাদ মাগরিব জলঢাকা উপজেলা পরিষদ গেট সংলগ্ন গোলচত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন নাগরিকের পক্ষে মনিরুজ্জামান মিঠু ও শরিফুল ইসলাম পাভেল। তাঁরা অভিযোগ করেন, এনসিপির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজু এলাকার কিছু বিতর্কিত ব্যক্তিকে নিয়ে এনএসপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব খাটানোর মাধ্যমে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। বক্তারা বলেন, ছাত্রলীগের কিছু কর্মীকে এনসিপির ছত্রছায়ায় পুনর্বাসন দেওয়া হচ্ছে এবং এই সিন্ডিকেট এখন চাঁদাবাজি ও অনিয়মের মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। এতে সাধারণ ছাত্র ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁরা আরও দাবি করেন, এনসিপির নামে পরিচালিত এসব কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। প্রশাসনের নীরবতার কারণে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে এনসিপির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজুসহ সংশ্লিষ্ট দুর্নীতিবাজ ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মতামত