কুমিল্লায় রেসকোর্সে নিজ বাসা থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার একটি বাসা থেকে মিলন আক্তার (৫৪) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর রেসকোর্সের কাঠেরপুল এলাকার ‘মজুমদার ভিলা’র দ্বিতীয় তলার ডান পাশের ফ্ল্যাটের খাটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিলন আক্তারের বাড়ি বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রেসকোর্স মজুমদার ভিলায় একাই বসবাস করছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে মরদেহটি একদিন আগের এবং গলাকাটা অবস্থায় ছিল। মরদেহে কিছুটা পচন ধরেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।
প্রতিবেশী সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি মায়ের সঙ্গে ওই বাসায় থাকতেন। চার-পাঁচ দিন আগে তার মা চিকিৎসার জন্য নোয়াখালী যান, তখন থেকে মিলন আক্তার একাই ছিলেন।
নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, শুক্রবার সন্ধ্যায় মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ না পেয়ে তিনি বাসায় যান। দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে খাটের নিচে রক্ত দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাতিজা মাসুদ বলেন, “গতকাল সকালে ফুফুর সঙ্গে কথা হয়েছিল। আজ শুনছি ফুফু মারা গেছেন। খাটের নিচে লাশ থাকা মানেই এটি হত্যাকাণ্ড।”
ওসি মাহিনুল ইসলাম আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে পুলিশ ও পিবিআই তদন্ত শুরু করেছে।
মতামত