সারাদেশ

রায়গঞ্জ হাসপাতালের সামনের রাস্তা যেন মরণফাঁদ পাঁচ বছর ধরে সংস্কারহীন, রোগী ও যাত্রীদের চরম দুর্ভোগ

প্রিন্ট
রায়গঞ্জ হাসপাতালের সামনের রাস্তা যেন মরণফাঁদ  পাঁচ বছর ধরে সংস্কারহীন, রোগী ও যাত্রীদের চরম দুর্ভোগ

ছবি : রায়গঞ্জ হাসপাতালের সামনের রাস্তা যেন মরণফাঁদ পাঁচ বছর ধরে সংস্কারহীন:ছবি :সংগৃহীত


প্রকাশিত : ৮ অক্টোবর ২০২৫, সকাল ১০:৫৮

সবুর ,প্রতিনিধি :কাজীপুর ,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের রাস্তাটি এখন যেন এক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। প্রায় পাঁচ বছর ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির অবস্থা এখন বেহাল। খানাখন্দে ভরা ও গর্তে পরিপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত রোগী, স্বজন ও যানবাহন চলাচল করে চরম দুর্ভোগে পড়ছেন।

বৃষ্টির সময় পুরো রাস্তাটি কাদা-পানিতে তলিয়ে যায়। তখন বোঝা যায় না কোথায় রাস্তা, কোথায় গর্ত। এতে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অনেক সময় অ্যাম্বুলেন্সের চাকা গর্তে আটকে পড়ে, ফলে রোগীকে নামিয়ে ঠেলাগাড়ি বা ভ্যানে করে হাসপাতালে নিতে হয়। এতে শুধু যাত্রা ব্যাহত হয় না, বরং অনেক রোগীর শারীরিক অবস্থাও আরও খারাপ হয়ে পড়ে।

গত রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথের সামনের রাস্তা ভাঙাচোরা হয়ে আছে। রাস্তার ওপর ছোট-বড় অসংখ্য গর্ত, কোথাও আবার পিচ উঠে গেছে। স্থানীয় দোকানদার, পথচারী ও চালকরা জানালেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় এখন তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে যেতে হয়, মনে হয় যুদ্ধ করছি। অনেকবার অভিযোগ করেছি, কিন্তু কেউ দেখেনি।”

দোকানদার সুমন বলেন, “রোগীরা যখন আসে, তাদের কষ্ট দেখলে নিজেরও কষ্ট লাগে। কেউ যেন এই দুর্ভোগের দায় নিচ্ছে না।”

ভ্যানচালক নজরুল ইসলাম বলেন, “একটু বৃষ্টি হলেই এই রাস্তায় ভ্যান উল্টে যায়। গর্তে পানি জমে এমনভাবে, বোঝাই যায় না রাস্তা কোথায়।”

রোগীদের স্বজনরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাঁরা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের বিষয়ে একাধিকবার জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মাঝে মাঝে মাটি ফেলে কিছুটা সমতল করা হলেও টেকসই কোনো কাজ হয়নি।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশল দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রাস্তা সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে শিগগিরই কাজ শুরু হবে।”

এলাকাবাসী বলেন, “এই রাস্তা শুধু হাসপাতালের প্রবেশপথ নয়, আশপাশের কয়েকটি গ্রামের প্রধান চলাচলের পথও বটে। দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।”