শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল গাড়ির উদ্বোধন

প্রিন্ট
ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল গাড়ির উদ্বোধন

ছবি : বৈদ্যুতিক শাটল গাড়ি উদ্ভোদন


প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল গাড়ি (ইভি) উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে ১৪ আসনবিশিষ্ট ৪টি বৈদ্যুতিক শাটল গাড়ির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ। এছাড়া ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শাটল গাড়িগুলো পুরো ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতের জন্য ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে দূরত্ব নির্বিশেষে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা। কিস্তি ভিত্তিতে কেনা এই গাড়িগুলোর সম্পূর্ণ মালিকানা বিশ্ববিদ্যালয় দুই বছরের মধ্যে অর্জন করবে। এ পদ্ধতিকে ‘আয় থেকে দায় শোধ’ মডেল বলা হয়, যা ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কার্যকর হয়েছে।

আধুনিক নকশার শাটলগুলোতে ছাউনি থাকায় যাত্রীরা রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা পাবেন। শব্দহীন ও পরিবেশবান্ধব এই যানবাহন ক্যাম্পাসে একটি টেকসই ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,
“আমাদের শিক্ষার্থীদের জন্যই এই ইলেকট্রিক শাটলের ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল থেকেই শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারবে। এ সেবাটি বাস্তবায়নে সহায়তার জন্য আমরা সরবরাহকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, বৈদ্যুতিক শাটল গাড়িগুলো সরবরাহ করছে ডিএফএসকে বাংলাদেশের একমাত্র স্বীকৃত ইলেকট্রিক যানবাহন ডিলার এমএ এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সেবা দিয়ে সফলতা অর্জন করেছে।