সারাদেশ

সালথায় কওমি মাদ্রাসায় দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ

প্রিন্ট
সালথায় কওমি মাদ্রাসায় দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ

ছবি : সালথায় কওমি মাদ্রাসায় দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ


প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০:১৫

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামে মদিনাতুল উলুম ইসলামিয়া মহিলা কওমি মাদ্রাসায় দুর্বৃত্তরা হানা দিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ ঘটনায় মাদ্রাসার জায়গার মালিক আলেপ শেখ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সালথা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাত ১০টার পর কোনো একসময় দুর্বৃত্তরা মাদ্রাসায় প্রবেশ করে। ভোরে স্থানীয়রা দেখতে পান মাদ্রাসার প্রধান ফটকের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। মাদ্রাসার ভেতরে ঢুকে দেখা যায় বিভিন্ন আসবাবপত্র ও পাঠদানকক্ষে ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে। এছাড়া মাদ্রাসার টিউবওয়েল উপড়ে ফেলা হয় এবং বাথরুমের প্যান ও পাইপ ভেঙে ফেলা হয়।

মাদ্রাসার পরিচালক মুফতি মো. কবির হোসেন বলেন, আমার মাদ্রাসায় রাতের আঁধারে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করেছে। এতে শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। আমি এর সঠিক বিচার চাই।

খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং ক্ষয়ক্ষতির দৃশ্য প্রত্যক্ষ করে। এতে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, মাদ্রাসা ভাঙচুরের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।