ছবি : সাজিদ আব্দুল্লাহর সংবর্ধনা
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের ৩২৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।
আয়োজক সূত্রে জানা যায়, গত মে মাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে হাফেজে কুরআন সংবর্ধনার জন্য রেজিস্ট্রেশন আহ্বান করা হয়। এতে বিভিন্ন বিভাগের ৩২৭ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহও ছিলেন। তবে সংবর্ধনার আগেই তিনি শ্বাসরোধে হত্যার শিকার হন। অনুষ্ঠানে তার অনুপস্থিতি স্মরণ করে শাখা ছাত্রশিবির জানায়, তার উপহার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট, এবং অর্থসহ পবিত্র আল-কুরআন তুলে দেওয়া হয়। শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “সাজিদ আব্দুল্লাহ কুরআনের হাফেজ ছিলেন। আজ তাকে আমাদের মাঝে না পেয়ে আমরা গভীরভাবে ব্যথিত। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন।” তিনি আরও বলেন, “তার মৃত্যুর ৪০ দিন পার হলেও এখনো হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়নি। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. আব্দুল মান্নান, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আকতার হোসেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, কুরআনের হিফজ শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো সমাজের জন্য বরকতের নিদর্শন। বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষার কেন্দ্রে শত শত হাফেজের উপস্থিতি একটি বড় সৌভাগ্যের বিষয়। তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন এবং ভবিষ্যতে আরও ব্যাপক আকারে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
মতামত