সারাদেশ

সালথায় ঘরের ওপর গাছ পড়া নিয়ে দুই ভাইয়ের পরিবারের সংঘর্ষ, নারীসহ আহত ১০

প্রিন্ট
সালথায় ঘরের ওপর গাছ পড়া নিয়ে দুই ভাইয়ের পরিবারের সংঘর্ষ, নারীসহ আহত ১০

ছবি : সালথায় ঘরের ওপর গাছ পড়া নিয়ে দুই ভাইয়ের পরিবারের সংঘর্ষ, নারীসহ আহত ১০


প্রকাশিত : ২৯ মে ২০২৬, রাত ৯:৫৪

ফরিদপুরের সালথায় ঘরের ওপর গাছ পড়ে পেঁয়াজ নষ্ট হওয়াকে কেন্দ্র করে দুই ভাই ও তাদের পরিবারের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুর পাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবারের আকস্মিক ঝড়ে মুন্নু মোল্যার একটি বড় গাছ ভেঙে আপন ভাই তুহিন মোল্যার ঘরের ওপর পড়ে। এতে ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে মুন্নু মোল্যা নিজ দায়িত্বে এবং খরচে ঘরটি মেরামত করে দেন। তবে ঘর মেরামতের পরেও বিপত্তি কাটে নি। টিনের চালার ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ে ঘরের ভেতর সংরক্ষিত রাখা তুহিন মোল্যার বিপুল পরিমাণ পেঁয়াজ ভিজে নষ্ট হয়ে যায়। এই বিষয়টি নিয়ে আজ শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে একটি সামাজিক 'শোনামেলা' (সালিশ-বৈঠক) চলছিল। বৈঠক চলাকালেই কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। আপন দুই ভাই মুন্নু মোল্যা ও হায়দার মোল্যার পরিবারের মধ্যে সংঘটিত এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে মুন্নু মাতুব্বর (মোল্যা), তাঁর তিন ছেলে মারুফ মোল্যা, রূপক মোল্যা, মামুন মোল্যা এবং পরিবারের এক নারী সদস্য ও মুন্নুর সহোদর ভাই হায়দার মোল্যা, তাঁর দুই ছেলে দিপু মোল্যা ও মনির মোল্যা, শামসু মোল্যার ছেলে খলিল মোল্যা, তুহিন মোল্যা এবং আরেক নারী সদস্য। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, "ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"