লালমনিরহাটের আদিতমারী উপজেলা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে লিয়াকত আলী লাদেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে স্থানীয়রা লালমনিরহাট–বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন।
সোমবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়ন এর সারপুকুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি দোকানের পাশে এ ঘটনা ঘটে। নিহত লাদেন বালাটারি এলাকার আশরাফুল হকের ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, তুচ্ছ একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে লাদেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত জুয়েল ও তার ছেলে রকি পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজন ও স্থানীয়রা মঙ্গলবার বিকেলে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়ক অবরোধ করে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
মতামত