নলছিটিতে জুলফিকার আলী ভূট্টোর ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত।
দোয়া, আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠিত
ঝালকাঠির নলছিটিতে সাবেক জনপ্রিয় সংসদ সদস্য, দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার ও জননন্দিত নেতা জুলফিকার আলি ভূট্টোর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জুলফিকার আলি ভূট্টো ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ভূট্টো কলেজ পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত নেতার সহধর্মিণী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো এমপি। বক্তব্যে তিনি বলেন,
“জুলফিকার আলি ভূট্টো ছিলেন সাধারণ মানুষের অকৃত্রিম নেতা। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন এবং নলছিটিসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ড মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
আলোচনা সভায় বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রয়াত এই নেতার রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং এলাকার শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান। বক্তারা বলেন, মানুষের ভালোবাসায় জুলফিকার আলি ভূট্টো আজও অম্লান হয়ে আছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর কবর জিয়ারত করা হয়। এছাড়া বিশেষ দোয়া ও মোনাজাত শেষে উপস্থিতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন
মতামত