পীরগঞ্জে নির্ধারিত খাজনাতেই বিক্রি হচ্ছে কুরবানির পশু।
পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কলেজ বাজারে কুরবানির পশু বিক্রি জমে উঠেছে। এবার প্রশাসনের নির্ধারিত খাজনা অনুযায়ীই পশু বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। এতে করে বাজারে স্বস্তি ফিরেছে এবং অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ তুলনামূলকভাবে কম দেখা গেছে।
হাট ঘুরে দেখা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার ছোট গরুর চাহিদা বেশি। মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতাদের আগ্রহ মূলত ছোট ও মাঝারি আকারের গরুর প্রতি। দাম তুলনামূলক নাগালের মধ্যে থাকায় এসব গরু দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে।
অন্যদিকে বড় গরুর উপস্থিতি থাকলেও ক্রেতার সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, অর্থনৈতিক বাস্তবতা ও পরিবারের বাজেট বিবেচনায় অনেকেই ছোট গরুর দিকেই ঝুঁকছেন।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা জানান, প্রশাসনের নজরদারির কারণে হাটে শৃঙ্খলা বজায় রয়েছে। নির্ধারিত খাজনার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না হওয়ায় সাধারণ মানুষ স্বস্তিতে পশু ক্রয়-বিক্রয় করতে পারছেন।
কুরবানিকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পশুর হাটে এখন ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের আশা, শেষ মুহূর্তে বেচাকেনা আরও বাড়বে।
মতামত