ছবি : নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মশাল মিছিল
প্রকাশিত : ২৪ মে ২০২৬, রাত ৯:১৮
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী–এর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশের গত ২৩ মে ২০২৬ বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে ময়মনসিংহেও শনিবার রাতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। প্রাপ্ত তথ্যমতে, গত ২২ মে শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হওয়ার দাবি করেছে এনসিপি।
ঘটনার পর এনসিপি অভিযোগ করে যে এটি ছিল “পরিকল্পিত রাজনৈতিক হামলা”। নাসির উদ্দিন পাটোয়ারী দাবি করেন, স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন এ হামলার সঙ্গে জড়িত। তবে অভিযুক্ত পক্ষ হামলার দায় অস্বীকার করেছে। এই ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা ও অন্যান্য জেলায় বিক্ষোভ ও মশাল মিছিল হয়। রাজশাহীতে রাত ৮টায় মহানগর এনসিপির কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে গণকপাড়া, সোনাদিঘী মোড়, রাজশাহী কলেজ এলাকা ও সাহেববাজার জিরোপয়েন্ট প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। ময়মনসিংহের কর্মসূচিতে নেতাকর্মীরা “রাজনৈতিক সহিংসতার বিচার চাই”, “সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো” ইত্যাদি স্লোগান দেন। বক্তারা বলেন, বিরোধী মতকে দমন করতে ভয়ভীতি ও হামলার রাজনীতি চালানো হচ্ছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে হামলার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে রাজধানী সহ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মতামত