সারাদেশ

কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজন হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ উদ্ধার।

প্রিন্ট
কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজন হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ উদ্ধার।

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ১৬ মে ২০২৬, রাত ১১:৫৫

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনার প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের লৌহজং থানা এলাকার ঘোড়াদৌড় সংলগ্ন পদ্মা নদী থেকে ফোরকান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর আগে গাজীপুরের কাপাসিয়ায় নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নিহতদের মধ্যে ছিলেন ফোরকানের স্ত্রী, তিন কন্যা সন্তান ও শ্যালক। হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান অভিযুক্ত ফোরকান মিয়া পলাতক ছিলেন। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর অবশেষে তার মরদেহ উদ্ধারের ঘটনায় মামলার তদন্তে নতুন মোড় আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের ভাষ্যমতে, এমন ভয়াবহ ও নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকাজুড়ে এখনও আতঙ্ক ও শোক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ফোরকান মিয়ার মৃত্যুর পেছনে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।