গাজীপুরের কাপাসিয়া থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম একজন মানবিক, দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। ২০২৫ সালের ৭ ডিসেম্বর কাপাসিয়া থানার ৪২তম ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর ভূমিকা পালন করে আসছেন।
দায়িত্ব পালনকালে তিনি মাদক, বাল্যবিবাহ, অবৈধ মাটিকাটা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে কাপাসিয়া থানা এলাকায় একাধিক সফল অভিযান পরিচালিত হয়, যার ফলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেন স্থানীয়রা।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সাধারণ মানুষের সাথে আন্তরিক আচরণ এবং পেশাদারিত্বের কারণে তিনি পরপর দুইবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। তাঁর কর্মকাণ্ডে কাপাসিয়ার সাধারণ জনগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে প্রশংসা ছড়িয়ে পড়ে।
বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তিনি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। বাল্যবিবাহ প্রতিরোধেও প্রশাসনিক কঠোরতার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
সম্প্রতি তাঁকে গাজীপুরের শ্রীপুর থানায় বদলি করা হয়েছে। তাঁর বদলির খবরে কাপাসিয়াবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সততা, সাহসিকতা ও মানবিক আচরণের প্রশংসা করে শুভকামনা জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন কর্মস্থল শ্রীপুর থানাতেও ওসি মোহাম্মদ শাহিনুর আলম একই নিষ্ঠা, সততা ও দক্ষতার মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
মতামত