ফরিদপুরের সালথায় জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচা ও ভাতিজাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই সংঘর্ষে অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের উচমান শেখ ও তার ভাতিজাদের মধ্যে জমি-জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকাল ৮টার দিকে উক্ত জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষই দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।
আহতরা হলেন: উচমান শেখ (৬০), কবির শেখ (৪৫), মোরসালিন শেখ (২৮), হুমাই শেখ
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি আরও বলেন:
"এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত থাকলেও নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। গ্রামবাসীর মধ্যে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে।
মতামত