ছবি : একটি তুচ্ছ লিচু চুরি এবং একটি মর্মান্তিক মৃত্যু: সালথায় উত্তেজনা প্রশমনে মাঠে পুলিশ।
প্রকাশিত : ১৩ মে ২০২৬, রাত ১১:৩৭
ফরিদপুরের সালথায় লিচু চুরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে আজিজুল মোল্যা নামে এক বৃদ্ধ বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ফুলবাড়িয়া গ্রামে আজিজুল মোল্যার বাগান থেকে গোপনে লিচু চুরি করছিল প্রতিবেশী সোনাপুর ইউনিয়নের সাকিল ও তুষার মুন্সি। এসময় আজিজুলের ছেলে আকরাম মোল্যা বাধা দিলে তাকে মারধর করে ওই দুই যুবক।
পরবর্তীতে সন্ধ্যায় আজিজুল মোল্যা স্থানীয় ফুলবাড়িয়া বাজারে গিয়ে তার ছেলেকে মারধরের কারণ জানতে চাইলে অভিযুক্তদের সাথে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সাকিল ও তুষার বাঁশের লাঠি দিয়ে আজিজুলকে বেধড়ক মারপিট করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আজিজুলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে তার সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলাকারীদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ।
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে সালথা থানা পুলিশের পাশাপাশি জেলা শহর থেকেও অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।
মতামত