সারাদেশ

রৌমারীর চ্যাংটাপাড়ায় নতুন ব্রিজ নির্মাণ শেষ, সংযোগ সড়ক না থাকায় জনদুর্ভোগ চরমে

প্রিন্ট
রৌমারীর চ্যাংটাপাড়ায় নতুন ব্রিজ নির্মাণ শেষ, সংযোগ সড়ক না থাকায় জনদুর্ভোগ চরমে

প্রকাশিত : ৬ মে ২০২৬, রাত ১০:৪৫

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের চ্যাংটাপাড়া এলাকায় পুরাতন ব্রিজের পাশে নির্মিত নতুন ব্রিজটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে প্রয়োজনীয় সংযোগ সড়ক উন্নয়ন না হওয়ায় ব্রিজটি এখনো পূর্ণাঙ্গভাবে ব্যবহার উপযোগী হয়ে ওঠেনি। ফলে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটির উভয় পাশে মাটি ভরাট ও সংযোগ সড়ক সম্প্রসারণের কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এতে করে যানবাহন চলাচল কার্যত বন্ধের উপক্রম হয়েছে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছেন সাধারণ মানুষ, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এলাকাবাসীর অভিযোগ, ব্রিজ সংলগ্ন গাইডওয়াল নির্মাণেও নিম্নমানের কাজ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙনের চিহ্ন দেখা দিয়েছে। এতে করে বর্ষা মৌসুমে ভাঙন আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, নতুন ব্রিজ নির্মাণ হওয়ায় তারা শুরুতে আশাবাদী ছিলেন। কিন্তু সংযোগ সড়ক না থাকায় এখনো এর কোনো সুফল পাচ্ছেন না। বরং প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। একজন মোটরসাইকেল চালক বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে সংযোগ সড়কের মাটি ধুয়ে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে করে চলাচলের সময় তিনি প্রায় দুর্ঘটনার মুখে পড়েছিলেন। সতর্ক না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলেও জানান তিনি। স্থানীয়দের আরও অভিযোগ, এর আগেও নিম্নমানের কাজের কারণে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এমনকি এক পর্যায়ে ঠিকাদারকে না পেয়ে প্রধান মিস্ত্রিকে আটক করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে ব্রিজের দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাট ও সংস্কার কাজ সম্পন্ন করে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একইসঙ্গে গাইডওয়ালটি টেকসই ও মানসম্মতভাবে পুনর্নির্মাণেরও জোর দাবি উঠেছে। এলাকাবাসীর মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে একদিকে ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে, অন্যদিকে সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।