সারাদেশ

ভূরুঙ্গামারীতে শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রিন্ট
ভূরুঙ্গামারীতে শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১ মে ২০২৬, বিকাল ৪:২৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। তিনি শ্রমিকদের দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার। তিনি শ্রমিকদের কল্যাণে সামাজিক ও নৈতিক দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। শেষে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।