সারাদেশ

শান্তিগঞ্জে প্রতিবন্ধী কৃষকের ধান কেটে নেওয়া ও হামলার ঘটনায় মানববন্ধন

প্রিন্ট
শান্তিগঞ্জে প্রতিবন্ধী কৃষকের ধান কেটে নেওয়া ও হামলার ঘটনায় মানববন্ধন

ছবি : শান্তিগঞ্জে প্রতিবন্ধী কৃষকের ধান কেটে নেওয়া ও হামলার ঘটনায় মানববন্ধন


প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৭:৫৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রভাবশালীদের বিরুদ্ধে এক অসহায় প্রতিবন্ধী কৃষকের রেকর্ডীয় বোরো জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়া এবং তাকে গুরুতর আহত করার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার নতুন জাহানপুর গ্রামের একাংশের উদ্যোগে সাংহাই হাওরের পশ্চিমাংশ ও জাহানপুর গ্রামের পূর্বের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা জানান, পাথারিয়া সাংহাই হাওরে সিকদার মোহাম্মদের রেকর্ডীয় তালুকভুক্ত ফসলি জমিতে প্রকৃত উত্তরাধিকারী ইকবাল হোসেন চারা রোপণ করেন। কিন্তু মঙ্গলবার দুপুরে একই গ্রামের প্রভাবশালী কয়েকজন ব্যক্তি—আব্দুল করিম, আবুল বশর, সামছু মিয়া, জসিম উদ্দিন, ইসলাম উদ্দিন, মতিন মিয়া, আব্দুর রউফ, নিজাম উদ্দিন, সুহেব মিয়া, জাহির মিয়া, আব্দুল খালিক ও ফখর উদ্দিন—জোরপূর্বক পাকা ধান কেটে নিজেদের বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে ইকবাল হোসেন ধান কাটায় বাধা দিলে অভিযুক্তরা তাকে বল্লম দিয়ে আঘাত করে গুরুতর আহত করে পানিতে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন ও শান্তিগঞ্জ থানার এসআই সেলিম উদ্দিন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে আহত ইকবাল হোসেনের অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্ত আব্দুল করিমকে ঘটনাস্থল থেকে আটক করলেও পরবর্তীতে রহস্যজনকভাবে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। মানববন্ধনে বক্তারা বলেন, “এ ধরনের ন্যক্কারজনক হামলা ও জমির ফসল লুটের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক বুরহান উদ্দিন, মাসুক মিয়া, আরফান আলী, লুৎফুর রহমান, ইমাদ হোসেন, আসলাম হোসেন, রাহেলা বেগম ও শেফালী বেগম। এ সময় উপস্থিত ছিলেন মইনুল ইসলাম, আবুল হাসান, মিজানুর রহমান, সামছুল হক, চয়ন মিয়া, তানভীর আহমেদ, রুনা বেগম, শাহিনা বেগম, ফুলতারা বেগম, শিরিয়া বেগমসহ আরও অনেকে।