সৌদি আরবে দেয়াল চাপা পড়ে সেনবাগের প্রবাসীর মৃত্যু: আড়াই বছরের শিশুটি এখন পিতৃহারা
নিজস্ব প্রতিবেদক, আবদুল আউয়াল নোয়াখালী।
সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দেয়াল চাপা পড়ে মোহাম্মদ ইউসুফ (২৪) নামে এক বাংলাদেশি তরুণ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাহতাবপুর গ্রামের মৃত বেচু মিয়ার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে এবং সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে মাত্র তিন মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ইউসুফ। শুক্রবার বিকেলে দাম্মামের একটি ভবনে ইলেকট্রিকের কাজ করছিলেন তিনি। কাজ চলাকালীন হঠাৎ একটি দেয়াল ধসে তাঁর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান এই রেমিট্যান্স যোদ্ধা। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা আরমান হোসেন জুহিন।
ব্যক্তিগত জীবনে ইউসুফ বিবাহিত এবং এক কন্যাসন্তানের জনক। তাঁর আড়াই বছর বয়সী ছোট্ট শিশুটি এখন পিতৃহারা। বাবার ফেরার অপেক্ষায় থাকা শিশুটি জানেও না যে তার মাথার ওপর থেকে ছায়া চিরতরে সরে গেছে।
শোকের ছায়া: ইউসুফের মৃত্যুর সংবাদ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছালে মাহতাবপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের গগনবিদারী আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ। মাত্র তিন মাসের মাথায় এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবার ও এলাকাবাসী।
স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মতামত