ঢাকা

আশুলিয়া ও ধামরাইয়ে ডিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ জাল টাকা ও মাদকসহ আটক ২

প্রিন্ট
আশুলিয়া ও ধামরাইয়ে ডিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ জাল টাকা ও মাদকসহ আটক ২

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, দুপুর ১২:৫৬

আশুলিয়া ও ধামরাইয়ে ডিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ জাল টাকা ও মাদকসহ আটক ২ ​মোঃ আবু তালহা সাভার উপজেলা প্রতিনিধি : ​ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে এক লক্ষ টাকার জাল নোট এবং ৩ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ দুই জন পেশাদার অপরাধীকে গ্রেফতার করেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে ডিবি পুলিশের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকায় অভিযান চালায়। শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টা ০৫ মিনিটে এসআই মোঃ আরিফুল ইসলাম ও তাঁর দল জাল টাকা সরবরাহকালে মোঃ মনিরুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। এ সময় তাঁর কাছ থেকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মনিরুলের বাড়ি ঝালকাঠি জেলায় হলেও তিনি বর্তমানে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায় বসবাস করতেন। অপর এক অভিযানে রাত ১১টা ০৫ মিনিটে ধামরাই থানাধীন রূপনগর এলাকায় অভিযান চালায় এসআই সুজিত কুমার মৃধার নেতৃত্বাধীন পুলিশের একটি দল। সেখান থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ স্বপন (৪৮) কে গ্রেফতার করা হয়। তাঁর দেহ তল্লাশি করে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা। ​ পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীরা দুর্ধর্ষ অপরাধী। ১ নং আসামী মনিরুলের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন আইনে ৫টি এবং ২ নং আসামী স্বপনের বিরুদ্ধে ৯টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ​এ বিষয়ে ডিবির পক্ষ থেকে জানানো হয়, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা জুড়ে এ ধরনের মাদক ও জাল টাকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।