সারাদেশ

রাঙ্গামাটি পার্বত্য জেলায় ডিজিটাল ফুয়েল কার্ড চালু

প্রিন্ট
রাঙ্গামাটি পার্বত্য জেলায় ডিজিটাল ফুয়েল কার্ড চালু

প্রকাশিত : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৮:০৭

জ্বালানি বিতরণে স্বচ্ছতা, ন্যায্যতা ও শৃঙ্খলা নিশ্চিতকরণে যুগান্তকারী উদ্যোগ। গত ০৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলায় জ্বালানি তেলের সুষ্ঠু, স্বচ্ছ ও ন্যায্য বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে FUEL TRACK BD নামক একটি ডিজিটাল ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা পুলিশের সমন্বয়ে এবং ফুয়েল পাম্প মালিকদের সক্রিয় সহযোগিতায় এই ডিজিটাল প্ল্যাটফর্মটি বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে প্যানিক বায়িং, মজুতদারি ও কালোবাজারি প্রতিরোধ করে প্রত্যেক নাগরিককে তার ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব হবে। FUEL TRACK BD একটি সম্পূর্ণ ডিজিটাল, রিয়েল-টাইম ট্র্যাকিং ভিত্তিক প্ল্যাটফর্ম। এতে স্মার্ট অ্যালোকেশন, স্বচ্ছ লেনদেন এবং কার্যকর তদারকির মাধ্যমে জ্বালানি বিতরণ ব্যবস্থাপনা করা হবে। ভোক্তা, ফুয়েল স্টেশন ও প্রশাসন একই প্ল্যাটফর্মে যুক্ত থাকায় অপচয় রোধ, অপ্রয়োজনীয় ভিড় হ্রাস এবং স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে। কীভাবে কাজ করবে ডিজিটাল ফুয়েল কার্ড? ব্যবহারকারী www.fueltrackbd.com ওয়েবসাইটে প্রবেশ করে নাম, মোবাইল নম্বর, এনআইডি নম্বর ও গাড়ির রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধন শেষে কিউআর কোডসহ ডিজিটাল ফুয়েল কার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে, যা মোবাইলে সংরক্ষণ বা প্রিন্ট করে ব্যবহার করা যাবে। নিবন্ধিত গ্রাহক যেকোনো সময় এনআইডি নম্বর ব্যবহার করে নিজের কার্ড দেখতে পারবেন। ফুয়েল পাম্পে জ্বালানি গ্রহণের সময় কিউআর কোড স্ক্যানের মাধ্যমে গ্রাহকের পূর্ববর্তী লেনদেনের তথ্য যাচাই করা যাবে এবং প্রতিটি নতুন লেনদেন তাৎক্ষণিকভাবে ডিজিটাল রেকর্ডে সংরক্ষিত হবে। ডিজিটাল ফুয়েল কার্ডের অনন্য সুবিধাসমূহ: প্রয়োজনভিত্তিক স্মার্ট ও ন্যায্য জ্বালানি বরাদ্দ প্রতিটি লেনদেনের রিয়েল-টাইম ডিজিটাল রেকর্ড স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ মজুতদারি, কালোবাজারি ও অনিয়ম প্রতিরোধ ফুয়েল স্টেশনে দ্রুত, সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত সেবা FUEL TRACK BD শুধু একটি প্রযুক্তিগত প্ল্যাটফর্ম নয়—এটি জাতীয় সম্পদের সুষম বণ্টন, স্বচ্ছতা এবং দায়িত্বশীল ব্যবহারের একটি অঙ্গীকার। সকল যানবাহনের মালিক ও চালকদের প্রতি আহ্বান জানানো যাচ্ছে, অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে এই সিস্টেমে যুক্ত হোন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করুন। পাশাপাশি অন্যদেরকেও এই উদ্যোগে অংশগ্রহণে উৎসাহিত করুন। বিস্তারিত তথ্য ও সহায়তার জন্য FUEL TRACK BD হেল্পলাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো। জ্বালানিতে স্বচ্ছতা, ন্যায্যতা ও শৃঙ্খলা—এগিয়ে চলুক আমাদের বাংলাদেশ।