নিজস্ব প্রতিবেদক,
জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ ও নিরাপদ বিতরণ নিশ্চিত করতে লালমনিরহাট জেলা প্রশাসন সাময়িকভাবে বোতল বা খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
জেলা ম্যাজিস্ট্রেট (মোঃ রাশেদুল হক প্রধান) এর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের অপব্যবহার, অবৈধ মজুত এবং কালোবাজারি রোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ০৫ এপ্রিল ২০২৬ থেকে ০৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত জেলার সব পেট্রোল পাম্পে অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন বোতল বা অন্য কোনো পাত্রে বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
তবে এই সময়ের মধ্যে স্বাভাবিকভাবে যানবাহনে জ্বালানি সরবরাহ কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে। প্রশাসন আরও জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে করে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা যায় এবং জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।
উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল ২০২৬ থেকে পুনরায় পূর্বের মতো স্বাভাবিকভাবে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম চালু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মতামত