নীলফামারীর ডিমলা উপজেলায় হাম রোগের উপসর্গ নিয়ে আফরিন জান্নাত নামে ১১ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।
জানা যায়, উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিকের কন্যা আফরিন জান্নাত গতকাল দুপুরে অসুস্থ অবস্থায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তার শরীরে হাম রোগের উপসর্গ দেখা দিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে শিশুটির মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান জানান, শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত রেফার করা হয় এবং সেখানে নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে পরিবারের কাছ থেকে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মতামত