চট্টগ্রাম

গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের উদ্বোধন করল এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন

প্রিন্ট
গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের উদ্বোধন করল এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন

প্রকাশিত : ২ এপ্রিল ২০২৬, রাত ১০:১৪

গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের উদ্বোধন করল এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আবদুল আউয়াল : কোম্পানীগঞ্জ প্রতিনিধি বেকার যুবকদের স্বাবলম্বী করে তোলা এবং প্রাণিসম্পদ খাতে দক্ষ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর উদ্যোগে ‘গরু মোটাতাজাকরণ ও পালন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ ২ এপ্রিল ২০২৬ [বৃহস্পতিবার] বিকাল ৩ টায় সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ রহিম উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের শিক্ষক ও সদস্য ডা. ইমরান হোসেন এবং ‘উই ফর ইউ’ সামাজিক সংগঠনের সভাপতি ইব্রাহীম সায়েম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু পালন ও মোটাতাজাকরণের আধুনিক কৌশল সম্পর্কে ধারণা লাভ করবেন। এর মধ্যে রয়েছে— সুষম খাদ্য ব্যবস্থাপনা, গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসা, আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজারজাতকরণের কার্যকর কৌশল। গরু পালনের পাশাপাশি বায়োগ্যাস প্লানেরও নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের গ্রামীণ অর্থনীতিতে গবাদিপশু পালন একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত। সঠিক প্রশিক্ষণ ও পরিকল্পনার মাধ্যমে যুব সমাজ এই খাতে যুক্ত হয়ে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সভাপতির বক্তব্যে আবদুল্লাহ আল মামুন বলেন, “যুবকদের দক্ষ করে গড়ে তুলতে এবং তাদের আত্মনির্ভরশীল করতে এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণের বিকল্প নেই।” অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং হাতে-কলমে প্রশিক্ষণের জন্য বিশেষ সেশন পরিচালনা করা হয়।